ঢাকা-১০ আসনের পর এবার নিজের জন্মস্থান কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকেও জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বুধবার (২৪ ডিসেম্বর) তার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই ফরম সংগ্রহ করা হলেও বিষয়টি জানাজানি হয়েছে আজ শনিবার (২৭ ডিসেম্বর)।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হাচিবুর রহমান পরাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
সহকারী কমিশনার জানান, গত বুধবার রমজানুল করিম নামের এক ব্যক্তি আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি পেশায় কুমিল্লা জেলা জজ আদালতের আইনজীবী সহকারী।
ফরম সংগ্রহের বিষয়ে রমজানুল করিম বলেন, ‘বুধবার আসিফ মাহমুদের কয়েকজন লোক এসে তার ঠিকানা এবং ব্যাংক ড্রাফটের টাকা দিয়ে ডিসি অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে দিতে বলেন। তাদের কথামতো আমি ফরমটি তুলে দিয়েছি। সাবেক এই উপদেষ্টার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই।’
তবে মুরাদনগর থেকে ফরম সংগ্রহের বিষয়ে আসিফ মাহমুদের চাচাতো ভাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক উবায়দুল হক সিদ্দিকী বলেন, ‘বিভিন্ন মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে মুরাদনগর থেকে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। কীভাবে এই মনোনয়ন সংগ্রহ হয়েছে, তাও জানি না। আমরা জানি তিনি ঢাকা থেকেই নির্বাচন করবেন।’
এ বিষয়ে জানতে আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

